রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে পুলিশ-জনগণের সম্পর্ক জোরদারের প্রত্যাশা

রাজশাহী প্রতি‌নি‌ধি: রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার রাজশাহী জেলা পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জের উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক জোরদার করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জ পুনাকের উপদেষ্টা ও রাজশাহী রেঞ্জের ডিআইজির সহধর্মিণী মিসেস শামীম আরা হক। উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ সভাপতিত্ব করেন।

উদ্বোধনী বক্তব্যে মিসেস শামীম আরা হক বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য গড়ে ওঠে। একই সঙ্গে খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়তা করে।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক আরও জোরদার করা সম্ভব। কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্যও হলো পুলিশ ও জনগণের মধ্যে আস্থা, সহযোগিতা এবং অংশীদারত্বের সম্পর্ক গড়ে তোলা। এ ধরনের আয়োজন সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

রাজশাহী রেঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে পুলিশ সদস্য ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাগুলোর অন্যতম কাবাডি গ্রামীণ জনপদে দীর্ঘদিন ধরে জনপ্রিয়। দলগত সমন্বয়, কৌশল, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, শারীরিক সক্ষমতা ও নিয়মানুবর্তিতা এ খেলার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

প্রতিযোগিতামূলক পরিবেশে কাবাডি আয়োজনের মাধ্যমে খেলাধুলার চর্চা বাড়ানোর পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বিকাশের সুযোগ তৈরি হয়।

কমিউনিটি পুলিশিংয়ের মূল দর্শন হলো অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ। এ ক্ষেত্রে পারস্পরিক আস্থা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো উদ্যোগ পুলিশ এবং স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক যোগাযোগের ক্ষেত্র তৈরি করতে পারে। ফলে এ ধরনের আয়োজন শুধু ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক সম্প্রীতি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ক্ষেত্র হিসেবেও বিবেচিত হতে পারে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী, পুলিশ সদস্য এবং ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, ‘কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ রাজশাহীতে ক্রীড়াচর্চার প্রসারে ভূমিকা রাখার পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।