গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, জব্দ বিপুল অ্যালকোহল

শুল্ক ফাঁকি, ভ্যাট অনিয়ম ও অর্থপাচারের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে চার গোয়েন্দা সংস্থা
টুইট ডেস্ক: রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সমন্বিত গোয়েন্দা দল। শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য সংগ্রহ ও বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। পাশাপাশি ভ্যাট ফাঁকি, আয়কর নথিতে বিক্রির অর্থ গোপন এবং অর্থপাচারের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে গুলশানের ৪৫ নম্বর সড়কের ৩৩ নম্বর প্লটে অবস্থিত রেস্টুরেন্টটিতে অভিযান পরিচালনা করা হয়।
এনবিআরের নির্দেশনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে চারটি সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দল অভিযানে অংশ নেয়। সংস্থাগুলো হলো—সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এনবিআর জানায়, উচ্চ শুল্ক আরোপযোগ্য অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় শুল্ক ফাঁকি দিয়ে সংগ্রহ ও বিক্রি করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। অভিযানে জব্দ করা পণ্যের উৎস ও বৈধতা যাচাই করা হচ্ছে।
এ ছাড়া পণ্য বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর পরিশোধ করা হয়েছে কি না এবং বিক্রির অর্থ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট লেনদেনে অর্থপাচারের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সহযোগিতা দেয়। এনবিআর জানিয়েছে, কাস্টমস আইন, ২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং আয়কর আইন, ২০২৩-এর আওতায় অভিযানটি পরিচালিত হয়েছে।






