ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন দুই আইনজীবী

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় নিয়ে মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার শুনানি

টুইট ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আওয়ামী লীগপন্থী দুই আইনজীবী হাসানুজ্জামান তুষার ও হাসান চৌধুরী। সোমবার (২৬ অক্টোবর) সকালে ট্রাইব্যুনাল-২-এ সশরীরে হাজির হয়ে তাঁরা ক্ষমা প্রার্থনা করেন।

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙারু কোর্টের রায়’ বলে মন্তব্য করার ঘটনায় তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। শুনানি শেষে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত জানাবেন।

গত ১৫ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও মোহাম্মদ আলী আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করেন ওই দুই আইনজীবী। এর পরদিন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

প্রসিকিউশনের বক্তব্য ছিল, আইনজীবী হিসেবে তাঁদের মন্তব্য জনমনে আদালত সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন ধার্য থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় তা পিছিয়ে যায়। সেদিনও দুই আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে এসেছিলেন।

এদিকে মামলাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল-২-এর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ওই আদালতের সব মামলার শুনানি বাতিল এবং আইনজীবীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।