ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকারের অঙ্গীকার

প্রকৃত উপকারভোগী চিহ্নিত করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু, অনিয়ম ও বৈষম্য রোধে নির্ভুল তথ্যের ওপর গুরুত্ব
টুইট ডেস্ক: ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে সরকারি সহায়তা অসচ্ছল পরিবারের কাছে পৌঁছে দিতে মাঠপর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ উল্লাহ বলেন, সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সম্ভব হবে। এতে সরকারি সহায়তা যথাযথ পরিবারের কাছে পৌঁছাবে এবং অনিয়ম, বৈষম্য ও অপব্যবহারের সুযোগ কমবে।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক এবং সদস্য মুহাম্মদ শওকত আলম, মেহেদী হাসান সুজন ও শাহীনুর আলম শাহীন। স্বাগত বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়।






