কার স্বামী পরিমনির জন্য এত শিউলি ফুল বিমানে করে পাঠালো?

চট্টগ্রাম থেকে বিমানে করে জন্মদিনে শিউলি ফুল পাঠানোর ঘটনায় আলোচনায় পরীমনি; রহস্যময় ব্যক্তিকে নিয়ে মজার মন্তব্য অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের।
টুইট ডেস্ক:ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠানোর ঘটনা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। কে এই রহস্যময় ব্যক্তি, যিনি এত আয়োজন করে নায়িকার জন্য ফুল পাঠিয়েছেন—তা এখনো প্রকাশ্যে আসেনি।
রোববার (২৫ অক্টোবর) বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতাপূর্ণ একটি পোস্ট দিয়েছেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। তাঁর পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
গত শনিবার (২৪ অক্টোবর) ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো আয়োজনে জন্মদিন উদযাপন করেন পরীমনি। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিউলি ফুল। রেস্তোরাঁর সিঁড়ি থেকে শুরু করে পুরো অনুষ্ঠানস্থল সাজানো হয় এই ফুল দিয়ে। এমনকি শিউলি ফুলের নকশা করা শাড়ি পরেও অনুষ্ঠানে উপস্থিত হন এই নায়িকা।
তবে জন্মদিনের সবচেয়ে আলোচিত চমক ছিল চট্টগ্রাম থেকে বিমানে করে পাঠানো শিউলি ফুলের উপহার। কে পাঠিয়েছেন এই ফুল, তা নিয়ে ভক্ত ও অনুসারীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
রহস্যময় ব্যক্তিকে নিয়ে রসিকতা করে শাহরিয়ার নাজিম জয় লেখেন, পরীমনিকে ঘিরে এমন ভালোবাসা দেখে চট্টগ্রামের বড়লোক পরিবারের স্ত্রীদের অনেকেই হয়তো দুশ্চিন্তায় আছেন। তাঁদের মনে প্রশ্ন জাগতে পারে, কোন স্বামী পরীমনির জন্য এত শিউলি ফুল পাঠালেন?
জয় আরও লেখেন, ‘আপনারা তো নিশ্চয়ই লোকটিকে খুঁজে পেলে মিডিয়ায় ধরিয়ে দেবেন। তবে আমি চাই লোকটা বেঁচে যাক, ধরা না পড়ুক। এরকম শিউলি ফুল তো আমিও কতজনকে দিয়েছি। কিন্তু ধরা পড়ি নাই। এক পাপী আরেক পাপীর পক্ষ নেবে এটাই তো স্বাভাবিক।’
পোস্টে পরীমনির প্রশংসাও করেন জয়। তাঁর ভাষ্য, পরীমনি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় নায়িকা। চলচ্চিত্র অঙ্গনের মানুষদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা বজায় রাখা এবং তাঁদের প্রতি ভালোবাসা ও সম্মান দেখানোর জন্যও তিনি প্রশংসার দাবিদার।
সব মিলিয়ে জন্মদিনের শিউলি ফুলের আয়োজন যেমন পরীমনির বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলেছে, তেমনি ফুল পাঠানো ব্যক্তির পরিচয় নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।






