সাহেব বাজারে হকার পুনর্বাসনে মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

অব্যবহৃত দোকানে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ, বাজার আধুনিকায়নের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক : ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রমে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের লক্ষ্যে রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকায় সিটি করপোরেশনের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেছেন প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টায় তিনি সাহেব বাজার সিটি করপোরেশন মার্কেটের কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং দ্বিতীয় তলায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত দোকান ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন রাসিক প্রশাসক। মার্কেটের অব্যবহৃত ও পরিত্যক্ত জায়গাগুলো কাজে লাগিয়ে তাঁদের পুনর্বাসনের ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় সাহেব বাজারের কাঁচাবাজার, মাছপট্টি ও মাংসপট্টিসহ সংশ্লিষ্ট মার্কেটগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং সেগুলো নতুনভাবে নির্মাণের পরিকল্পনার কথাও জানান মাহফুজুর রহমান রিটন।

এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দিকনির্দেশনা দেন তিনি।