তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, পরিবার পরিকল্পনা পরিদর্শক আহত

প্রামাণিকপাড়া মোড়ে দুর্ঘটনা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ৩৫ বছর বয়সী মিজানুর রহমানের

টুইট ডেস্ক: রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মিজানুর রহমান (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক হাড়িয়ারকুঠি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রেজাউল করিম (৪৫) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রামাণিকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মিজানুর রহমানের মৃত্যু হয়। আহত রেজাউল করিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিম হাতিবান্ধা হাটসংলগ্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে মোটরসাইকেলে করে ডাঙ্গীরহাটের দিকে যাচ্ছিলেন। পথে প্রামাণিকপাড়া মোড়ে সড়ক পারাপারের সময় মিজানুর রহমানকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান।

নিহত মিজানুর রহমান হাড়িয়ারকুঠি ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়ে তাঁরা এখনো কোনো তথ্য পাননি।