প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়েই খুশি বাদাম বিক্রেতা রাজু, বললেন ‘জীবন সার্থক’

খুলনার নলিয়ানে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, উচ্ছ্বাস প্রকাশ স্থানীয় বাদাম বিক্রেতার

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে আনন্দে আত্মহারা খুলনার স্থানীয় বাদাম বিক্রেতা রাজু। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “বাদাম বেচি, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি, আর কী লাগে! আমার জীবন সার্থক।”

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সুযোগ পান রাজু। প্রিয় নেতাকে কাছে পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তারেক রহমান। পরে সেখান থেকে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে যাওয়ার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। এ সময় উপস্থিত অনেকের সঙ্গে হাত মেলান এবং কয়েকজনের মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী।

পথে বাদাম বিক্রেতা রাজুর সঙ্গেও হাত মেলান তারেক রহমান। এ সময় রাজু বলেন, “অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।”

পরে সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি মোংলা নৌঘাঁটির জেটিতে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের কার্যক্রম ও জেটি পরিদর্শনের পাশাপাশি প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।