রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ৯ জনের মোবাইল ফোন খোয়া গেছে

ভিড়ের মধ্যে ফোন হারানোর ঘটনায় রাজপাড়া ও বোয়ালিয়া থানায় জিডি, পকেট কেটে ফোন চুরির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভায় অংশ নিতে গিয়ে অন্তত ৯ জনের মোবাইল ফোন খোয়া গেছে। তাঁদের মধ্যে আটজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে। জনসভাস্থলের ভিড়ের মধ্যে ফোন হারানোর পাশাপাশি পকেট কেটে চুরির অভিযোগও উঠেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। পুলিশ জানায়, বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজপাড়া থানায় মোবাইল ফোন হারানোর ঘটনায় সাতটি জিডি হয়েছে। এ ছাড়া বোয়ালিয়া থানায় আরও একটি জিডি করা হয়েছে। কয়েকজন এখনো জিডি করেননি।
ফোন হারানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদের ছেলে তাওসীফ আজাদ। জনসভা শেষে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে চলে যাওয়ার সময় মঞ্চের পেছনে অবস্থান করছিলেন তিনি। এ সময় ভিড়ের মধ্যে তাঁর মোবাইল ফোনটি খোয়া যায় বলে জানান তাঁর বাবা। এ ঘটনায় বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে।
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশাও জনসভায় নিজের মোবাইল ফোন হারিয়েছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে মাদ্রাসা মাঠের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় পাঞ্জাবির পকেট কেটে ফোনটি চুরি করা হয়। এ ঘটনায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক বার্তা দিয়েছেন। তবে এখনো থানায় জিডি করেননি; বুধবার জিডি করবেন বলে জানিয়েছেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ফোন হারানোর ঘটনায় এ পর্যন্ত সাতটি জিডি হয়েছে। হারানো ফোন উদ্ধারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা গেলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






