গাজীপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

দগ্ধদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে, তিনজনই আইসিইউতে
টুইট ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। বর্তমানে তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন মো. লালচান (৬০), তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০) এবং তাঁদের মেয়ে তানিসা আক্তার (১৬)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, তিনজনের শরীরেই আগুনে পোড়ার ক্ষত রয়েছে। লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমা বেগমের ৮৫ শতাংশ এবং তানিসার ৮৬ শতাংশ পুড়ে গেছে।
চিকিৎসক আরও জানান, তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার কারণ হিসেবে গ্যাসের লিকেজের কথা জানানো হলেও কীভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।






