সুন্দরবন ও মোংলা বন্দর ঘিরে অর্থনৈতিক সম্ভাবনা, বৃহস্পতিবার খুলনায় প্রধানমন্ত্রী

আকরাম পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল পর্যালোচনা ও মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণে গুরুত্ব

টুইট ডেস্ক: সুন্দরবনের পর্যটন, প্রাকৃতিক সম্পদ এবং মোংলা বন্দরের বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে নির্বাচনের পর এ অঞ্চলে এটিই তাঁর প্রথম সফর।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন। পরে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে কোস্টগার্ডের দ্রুতগতির নৌযানে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনা করার কথা রয়েছে তাঁর।

এরপর নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচিও রয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সফরে মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে বন্দরকেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি খাতে নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে। তাঁকে একনজর দেখতে আগ্রহী এলাকার অনেক মানুষ।

খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরটি সরকারি। স্থানীয়ভাবে কোনো কর্মসূচি না থাকলেও তাঁর আগমন ঘিরে প্রশাসন ও স্থানীয় নেতারা প্রস্তুতি নিচ্ছেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠুও সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী, ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের দ্রুতগতির নৌযানে আকরাম পয়েন্টে যাবেন। তবে দাকোপে তাঁর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

দুই সপ্তাহ পর আবারও খুলনায় যাওয়ার কথা

এ সফরের দুই সপ্তাহ পর, আগামী ৫ নভেম্বর আবারও খুলনায় যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেদিন খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

সুন্দরবনের পর্যটন ও প্রাকৃতিক সম্পদ, মোংলা বন্দরের বাণিজ্যিক সক্ষমতা এবং শিল্পায়নের সম্ভাবনা—এই তিন ক্ষেত্রকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এসব সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় জরুরি।

সংশ্লিষ্টদের মতে, মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং সম্ভাব্য জ্বালানি অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে এ অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রীর সফরে এসব সম্ভাবনা বাস্তবায়নে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের।