সব ধর্মের মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

দেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তারেক রহমানের
টুইট ডেস্ক: মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে সড়কের দুপাশে সমবেত মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, বাংলাদেশ সবার দেশ। এ দেশকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন। এখন দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার গঠনের পর থেকেই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা চলছে। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করার কথাও উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার।
পথসভায় উপস্থিত মানুষের প্রতি প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চান তিনি। এ সময় উপস্থিত জনতা হাত উঁচিয়ে তাঁর আহ্বানে সমর্থন জানান।
এর আগে মঙ্গলবার সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
সফরসূচি অনুযায়ী, রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তাঁর। পরে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।






