নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

নাটোর-পাবনা মহাসড়কে ভোরের দুর্ঘটনায় প্রাণহানি, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। সংঘর্ষে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল, স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।






