অস্ত্র হাতে ইশরাকের অভিযান, আইন ভাঙলে ব্যবস্থা নেবে পুলিশ

টুইট ডেস্ক : মাদকবিরোধী অভিযানে এক হাতে হ্যান্ড মাইক ও অন্য হাতে পিস্তল নিয়ে অংশ নিতে দেখা গেছে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে। এ ঘটনায় আইনের ব্যত্যয় হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, ঘটনাটি মূল্যায়নের জন্য এখনই কোনো মন্তব্য করার সময় আসেনি। সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনার পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন। প্রতিবেদনে আইনের ব্যত্যয় পাওয়া গেলে ঢাকা মহানগর পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
অভিযানে একজন প্রতিমন্ত্রী পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার সরাসরি কোনো মন্তব্য করতে চাননি।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ইশরাক হোসেনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নিতে দেখা যায়। ভিডিওতে গাড়ি থেকে নেমে এক হাতে হ্যান্ড মাইক ও অন্য হাতে পিস্তল নিয়ে একদল লোককে ধাওয়া করেন তিনি। একপর্যায়ে পিস্তল তাক করে তাঁদের দাঁড়ানোর নির্দেশ দিতেও দেখা যায়। ভিডিওতে সাদা পোশাকে অস্ত্র হাতে আরও একজনকে লোকজনের পেছনে ধাওয়া করতে দেখা যায়।
এ ঘটনায় অভিযানের সময় অস্ত্র ব্যবহারের আইনগত দিক এবং জনপ্রতিনিধির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ঘটনার পূর্ণাঙ্গ মূল্যায়ন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।
এদিকে, শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন। তিনি জানান, মাদক কারবারিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় এর আগেও মাদকবিরোধী অভিযান চালানোর কথা জানিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখতে এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী।






