এলো বিশ্বজিতের পূজার গান ‘প্রিয় দুর্গা মা

দেবী দুর্গার বন্দনা ও উৎসবের আনন্দ নিয়ে প্রকাশিত নতুন গান; কথা লিখেছেন মাহী ফ্লোরা, সুর ও কণ্ঠে বিশ্বজিৎ।

টুইট প্রতিবেদক: দুর্গাপূজার উৎসবের আমেজে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী বিশ্বজিৎ। দেবী দুর্গার বন্দনা, আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর নতুন গান ‘প্রিয় দুর্গা মা’। গতকাল অন্তর্জালে গানটি প্রকাশ করেছে রিভাইভ রেকর্ডস।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে প্রতিবছরই প্রকাশিত হয় নতুন নতুন গান। উৎসবের সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে এবার শ্রোতাদের সামনে এসেছে ‘প্রিয় দুর্গা মা’। গানটির কথায় উঠে এসেছে শরতের আগমনী সুর, অন্ধকার দূর হওয়ার প্রত্যাশা এবং দেবী দুর্গাকে ঘিরে ভক্তি ও উৎসবের আবহ।

গানটির কথা লিখেছেন মাহী ফ্লোরা। সুর করেছেন শিল্পী বিশ্বজিৎ। সংগীতায়োজন করেছেন সব্যসাচী রনি। গানটির দৃশ্যায়ন করেছেন রিংকু বর্মণ। এতে অভিনয় করেছেন নিলাদ্রি বিশ্বাস, লাব্বিকা নাওয়াজ সহিষ্ণুতা ও ইশিকা জাহিন।

গানটি প্রসঙ্গে বিশ্বজিৎ জানান, দুর্গাপূজার আনন্দ ও উৎসবের আবহ মানুষের মনে আরও রঙিনভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তাঁদের এই আয়োজন। গানের কথা ও সুরে দেবী দুর্গার বন্দনার পাশাপাশি আনন্দ-উদযাপনের বার্তাও তুলে ধরা হয়েছে।

শিল্পীর প্রত্যাশা, ভক্তি ও উৎসবের মেলবন্ধনে তৈরি গানটি শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নেবে। দুর্গাপূজার আনন্দঘন পরিবেশে গানটি সংগীতপ্রেমীদের বাড়তি উচ্ছ্বাস জোগাবে বলেও আশা সংশ্লিষ্টদের।