নিউজিল্যান্ড সফরে দুই অধিনায়ক, টেস্টে বুমরা

গিল ও আইয়ারের কাঁধে ওয়ানডে নেতৃত্ব, পাঁচ ম্যাচের সিরিজে থাকছেন কোহলি-রোহিত; টেস্ট দলে ফিরেছেন আকাশ দীপ।

টুইট প্রতিবেদক: নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ানডে সিরিজে নেতৃত্বের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে শুবমান গিল ও শ্রেয়াস আইয়ারের মধ্যে। অন্যদিকে, টেস্ট দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরা।

ঘোষিত সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শুবমান গিল। এ সময় সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আইয়ার। শেষ দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন আইয়ার। ওই দুই ম্যাচে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উইকেটকিপার-ব্যাটার ইশান কিষান।

গিলের কাজের চাপ সামলাতে ওয়ানডে সিরিজে দুই অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে পাঁচ ম্যাচের পুরো সিরিজেই থাকছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও রোহিত শর্মা।

ওয়ানডে দলে নতুন মুখ

সিরিজের শেষ দুই ওয়ানডের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার কুমার কুশাগরা। এ ছাড়া দুই ভাগে ঘোষিত দলে একাধিক তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। দুই দফার দলেই রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, নিতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, নামান ধীর, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

প্রথম তিন ওয়ানডের দলে আরও রয়েছেন লোকেশ রাহুল, আনশুল কাম্বোজ, গুরনূর ব্রার, ইশান কিষান, প্রসিদ্ধ কৃষ্ণা ও মোহাম্মদ সিং। অন্যদিকে, শেষ দুই ম্যাচের দলে জায়গা পেয়েছেন তিলক ভার্মা, আকিব নবী ও যশ ঠাকুর।

টেস্ট দলে বুমরা, ফিরেছেন আকাশ দীপ

ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকলেও দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা। টেস্ট দলে ফিরেছেন বাংলার পেসার আকাশ দীপও। এ ছাড়া শুবমান গিলের নেতৃত্বাধীন দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, দেবদূত পাডিক্কাল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

টেস্ট দলে উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে রিশাভ পান্ত ও ধ্রুব জুরেলকে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অব এক্সিলেন্স থেকে ছাড়পত্র পাওয়ার ওপর পান্তের খেলা নির্ভর করবে।

টেস্ট দলে আরও রয়েছেন নিতিশ কুমার, সাই সুদর্শন, আনশুল কাম্বোজ ও প্রসিদ্ধ কৃষ্ণ।

কবে শুরু সিরিজ

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে ১৯ নভেম্বর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুই সংস্করণের এই লড়াইয়ে ভারতীয় দলের নেতৃত্ব ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত এবং টেস্ট দলে বুমরার অন্তর্ভুক্তি সফরটির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।