রাজশাহীতে বিসিবির চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট দলের মালামাল চুরির ঘটনায় রাজশাহী নগরীর কাজলা এলাকা থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ অক্টোবর) গ্রেপ্তার মোজাম্মেলের ভাড়া করা একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব টাকা উদ্ধার করা হয়।

এ নিয়ে চুরির ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখনো দুটি লাগেজসহ মালামাল ও একটি ব্লেন্ডার মেশিন উদ্ধার বাকি রয়েছে।

এর আগে ১৪ অক্টোবর সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের তালা ভেঙে বিসিবির ক্রিকেট দলের মালামাল চুরি করে দুর্বৃত্তরা। পরে রাজশাহীর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করে।

রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনায় ডিবি পুলিশ এ ঘটনায় তদন্ত ও উদ্ধার অভিযান চালাচ্ছে।