চকবাজারে ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪ ফায়ারকর্মী

পুরান ঢাকার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন নির্বাপণে কাজ করছেন কর্মীরা; গোডাউনে বিপুল পরিমাণ পণ্য থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়

টুইট ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় ইউসুফ খান প্লাজা মার্কেটে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় ফায়ার সার্ভিস। তবে এরপরও আগুন পুরোপুরি নেভাতে কাজ চলছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের সংবাদমাধ্যম শাখার কর্মকর্তা মো. তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁরা হলেন পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এর দুই মিনিট পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। শুরুতে পাঁচটি ইউনিট কাজ করলেও আগুন ছড়িয়ে পড়ায় পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত দোকান এবং পঞ্চম থেকে সপ্তম তলা পর্যন্ত পণ্য রাখার গুদাম রয়েছে। এসব গুদামে ভ্যানিটি ব্যাগ, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন পণ্য মজুত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে ভবনটির ষষ্ঠ তলার এক পাশে প্রথমে আগুন দেখা যায়। পরে তা ছড়িয়ে পড়লে দোকান ও গুদামের মালিক-কর্মচারীরা সেগুলো বন্ধ করে বাইরে চলে যান। অধিকাংশ গুদাম তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। পাশাপাশি গুদামে বিপুল পরিমাণ পণ্য মজুত থাকায় আগুন নেভানোর কাজ আরও কঠিন হয়ে পড়ে।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর সূত্রপাত কীভাবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণ ও ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।