রাজশাহীতে কন্যাশিশু দিবস উদযাপন, ২৩ লাখ টাকা বিতরণ

বাল্যবিয়ে প্রতিরোধ, কন্যাশিশুর শিক্ষা ও সমান অধিকার নিশ্চিত করার আহ্বান; স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে ২৩ লাখ ৫৩ হাজার টাকা অনুদান বিতরণ।
টুইট প্রতিবেদক : ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যে রাজশাহীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে আয়োজিত আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ ও সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানে ১৩০ জনের মাঝে ২৩ লাখ ৫৩ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়।
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। এ ছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক ইসরাত জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, কন্যাশিশুরা পরিবার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও সমান সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব। বাল্যবিয়ে কন্যাশিশুর শিক্ষা, স্বপ্ন ও সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে এবং বাল্যবিয়ে প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি কন্যাশিশুকে আত্মবিশ্বাসী, দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠিত হলে সচেতন, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি কন্যাশিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, শিক্ষার সমান সুযোগ নিশ্চিত এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
১৩০ জনের মাঝে ২৩ লাখ ৫৩ হাজার টাকা বিতরণ
আলোচনা সভা শেষে ২০২৫-২০২৬ অর্থবছরে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলোর মধ্যে অনুদানের অর্থ বিতরণ করা হয়। এ সময় মোট ১৩০ জনের মাঝে ২৩ লাখ ৫৩ হাজার টাকা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে সামাজিক সচেতনতা বাড়াতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।







