রাজশাহীর বাঘায় বন্দুক-এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় যৌথ অভিযান চালিয়ে একটি একনলা কাটা বন্দুক, একটি .২২ বোরের এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিদের দুটি রিকলও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল পৌনে ৮টা থেকে বাঘা উপজেলার চকরাজাপুর ও গড়গড়ি ইউনিয়নের চরাঞ্চলে এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নৌ-পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

পুলিশের তথ্যমতে, চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর গ্রামের আমজাদ হোসেনের কলাবাগান থেকে একটি .২২ বোরের এয়ারগান উদ্ধার করা হয়। একই ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের রাজা ব্যাপারীর বাড়ির পশ্চিম পাশের একটি খেজুরবাগান থেকে একটি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়।

এ ছাড়া গড়গড়ি ইউনিয়নের চানপুর গ্রামের রুহুল আমিনের বসতবাড়ির পাশ থেকে পাঁচটি ধারালো হাসুয়া ও একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মামুন অর রশিদের নির্দেশনা ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এটিএম মাইনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ আরও জানিয়েছে, যৌথ অভিযান অব্যাহত রয়েছে।