থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গাড়ি; উদ্ধার কার্যক্রমে ৩৮ বিজিবি, আহতদের আলীকদম উপজে৮লা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচি উপজেলার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিন্দুমুখ নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ডিমপাহাড় থেকে তিন্দুমুখ নৌঘাটের দিকে নামার সময় পর্যটকবাহী চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা পর্যটকদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নেতৃত্বে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

পরে আহত পাঁচজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলে জানানো হয়েছে।

নিহত দুজনের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।