নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে ১৪ জন গ্রেপ্তার

ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, বিভিন্ন মামলায় আরও ১২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় মহাদেবপুর থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ছয়জন আসামি, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ী, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পাঁচজন এবং প্রতারণা মামলার একজন আসামি রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ১৪ জনকে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।