রাজশাহীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ২৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারের অভিযোগে সাতজনসহ মোট ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।
পুলিশ জানায়, শনিবার রাতে হোসনীগঞ্জ দক্ষিণ মোড় এলাকা থেকে পাঁচ গ্রাম হেরোইনসহ আকাশ (৩০)কে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একই রাতে আলিগঞ্জ এলাকা থেকে ১৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ রানা (৪৭), সুমন (৩৪) ও আবদুল্লাহ (৩৫)কে গ্রেপ্তার করা হয়।
এর আগে বেলপুকুর থানার ধাদাস এলাকায় ১০টি ট্যাপেন্টাডল ও ১০টি ইয়াবাসহ সেন্টু (৪৫) এবং শিল্পীপাড়া বালুর মাঠ এলাকা থেকে ১৫টি ট্যাপেন্টাডলসহ শাওন আলী (১৯) ও সম্রাট ইসলাম (২২)কে গ্রেপ্তার করা হয়।
দামকুড়া থানার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ১০টি ইয়াবা ও দুই গ্রাম ইয়াবার গুঁড়াসহ রায়হান (৩৮) ও মাসুদ রানা (৩৫)কে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, জব্দ মোবাইল ফোনে অনলাইন জুয়া ও বাজি-সংক্রান্ত অ্যাপ, জিমেইল আইডি ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় মাসুম (৪৫) নামে আরও একজন পালিয়ে যান।
এ ছাড়া মহানগরীর বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত দুজন, মাদক মামলায় পাঁচজন এবং অন্যান্য মামলায় পাঁচজনসহ আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে রোববার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।






