রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানে রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলা; বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ।
টুইট ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণের জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
মামলাটিতে মোট আসামি ৩৮ জন। তাদের মধ্যে রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ চারজন গ্রেপ্তার রয়েছেন।
অন্যদিকে খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ ৩৪ আসামি এখনো গ্রেপ্তার হননি।
ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী, পলাতক ৩৪ আসামিকে হাজির হওয়ার জন্য একটি বাংলা ও একটি ইংরেজি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সূত্র: ইত্তেফাক






