পরিবেশ রক্ষায় গাছ লাগানোর পাশাপাশি যত্ন নেওয়ার আহ্বান বিভাগীয় কমিশনারের

রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ।
রাজশাহী প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর রাজপাড়া এলাকায় হেলেনাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), নাটোর জোন-এর উদ্যোগে এবং বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দেড় হাজার গাছের চারা বিতরণ করেন বিভাগীয় কমিশনার।
তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাই শুধু গাছ লাগালেই হবে না, পরম মমতায় পরিচর্যা করে প্রতিটি গাছকে বড় করে তুলতে হবে।
তিনি শিক্ষার্থীদের ‘একটি গাছ, একটি প্রাণ’ মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানান। পরে আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক লুৎফর রহমান, পরিচালক নিলুফার ইয়াসমীন এবং সিনিয়র সহকারী কমিশনার জোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া এসএসএসের জোনাল ম্যানেজার শফিকুর রহমান, টেকনিক্যাল অফিসার রবিন্দ্র ন্যায়পাল, হেলেনাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার জাহান, সিনিয়র শিক্ষক বিএস আমজাদ হোসেন, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমানসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।





