বান্দরবানে ৪ বছরের শিশু তাইফা হত্যা, ফুফু আটক

এ ঘটনায় পুরো সুয়ালক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ময়দার মিল এলাকায় হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তাইফা সুলতানা (৪) নামের এক শিশুকে হত্যার অভিযোগে তার আপন ফুফু নারগিছ সুলতানা কচি (৫২) কে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল থেকে শিশু তাইফা নিখোঁজ ছিল। সে সুয়ালক এলাকার টিপু খানের মেয়ে। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে।
পরে বিকেলে স্থানীয়রা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহজনক গতিবিধি দেখতে পান। এরপর ফুফু নারগিছ সুলতানার বাসায় তল্লাশি চালালে একটি বাক্স/ট্রাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে বান্দরবান সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারগিছ সুলতানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নারী মানসিক সমস্যায় ভুগছিলেন।





