নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টুইট ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ৩৮ সদস্যের প্রতিনিধিদল রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, অতীতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সরকারপ্রধানরা বড় প্রতিনিধিদল নিয়ে অংশ নিলেও এবার তুলনামূলক ছোট প্রতিনিধিদল নিয়ে নিউইয়র্ক সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিনিধিদলে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরও রয়েছেন।

এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আজাদ প্রতিনিধিদলে রয়েছেন।

প্রতিনিধিদলের তালিকায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নাম থাকলেও তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দূত তারেক মো. আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।

প্রকাশিত তালিকা অনুযায়ী, মন্ত্রী, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে মোট ৩৮ জন সদস্য রয়েছেন।