গণভোটের রায় নিশ্চিতের দাবিতে লং মার্চ: জামায়াত আমির

টুইট ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ কোনো দলীয় দাবি আদায়ের কর্মসূচি নয়। গণভোটের গণরায় নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত দেশ গঠন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান থেকেই এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগরা বাইপাস সড়কে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘আমাদের এ লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা দলীয় দাবি নিয়ে আন্দোলনে নামিনি। গণভোটের গণরায় নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছি।’

এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চ শুরু হয়। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ একাধিক দাবি নিয়ে এ কর্মসূচি পালিত হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও কর্মসূচির সঙ্গে যুক্ত করা হয়েছে।

পথসভায় এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, তাঁরা সরকারের বা দেশের বিরুদ্ধে নন; সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সংস্কারের দাবি জানাচ্ছেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, গণদাবি নিয়ে ১১ দল রাজপথে নেমেছে। গণভোটের রায় বাস্তবায়ন এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের পদক্ষেপের দাবি জানান তিনি।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানান তিনি।

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বিএনপির সমালোচনা করে বলেন, দেশকে ফ্যাসিবাদমুক্ত করা এবং লুটপাট বন্ধের দাবিতে তাঁদের আন্দোলন চলছে।

এর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের পর লং মার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা করে। কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের ভোগরা বাইপাসসহ পথে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হচ্ছে।