ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় নিহত ২

মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কার পর সীমানাপ্রাচীরে আঘাত করে উল্টে যায় বাস, আহত ৬
টুইট ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে একটি মাহিন্দ্রা দাঁড়িয়ে ছিল। এ সময় ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। একই দিক থেকে আসা ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। পরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর বাসটি মহাসড়কের পাশে থাকা প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
পরে গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতরা সবাই মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
বাসের এক যাত্রী বৃষ্টি আক্তার জানান, চলন্ত অবস্থায় চালক হঠাৎ অজ্ঞান হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।






