নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের

বন্যার পর সহমর্মিতা প্রকাশ, ১০ লাখ মার্কিন ডলার সহায়তা ও সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে চিঠি দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

টুইট ডেস্ক: নেপালে ২৬ আগস্ট আঘাত হানা আকস্মিক বন্যার পর সহমর্মিতা প্রকাশ, ত্রাণ ও মানবিক কার্যক্রমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এসব কথা বলা হয়।

চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন, ভয়াবহ বন্যার পর তারেক রহমানের সহানুভূতিশীল বার্তার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ওই বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নেপালের জনগণ ও বিভিন্ন সম্প্রদায়ের ওপর গভীর প্রভাব পড়েছে।

বালেন্দ্র শাহ বলেন, এই কঠিন সময়ে চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে, তা নেপালের জনগণকে নতুন করে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।

বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যা নিয়ে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।

চিঠিতে বালেন্দ্র শাহ আরও বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নয়, শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে।

প্রতিকূল সময়ে বাংলাদেশের সহমর্মিতা ও সহযোগিতা নেপালের জনগণ গভীরভাবে অনুভব করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের এই সহযোগিতা ও সংহতির কথা নেপালের জনগণের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।