শিল্পাঞ্চল ও আবাসিকে গ্যাস সরবরাহে আরও উন্নতি

গাজীপুর-নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় চাপ বেড়েছে, কোথাও মিলছে ১২ থেকে ১৫ পিএসআই; কিছু এলাকায় এখনও ওঠানামা
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের আশ্বাসের পর দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। একই সঙ্গে আবাসিক এলাকায় রান্নার গ্যাসের চাপ এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সরবরাহও আগের তুলনায় স্বাভাবিক হয়েছে।
গাজীপুর, মাওনা, ভালুকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ বেড়েছে। কোথাও কোথাও ১২ থেকে ১৫ পিএসআই পর্যন্ত চাপ পাওয়া যাচ্ছে। এতে এসব এলাকার শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে তৈরি হওয়া গ্যাস সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। মঙ্গলবার রাত পর্যন্ত গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।
তিনি বলেন, গাজীপুর, মাওনা, ভালুকা ও ময়মনসিংহ এলাকায় যে সমস্যা দেখা দিয়েছিল, তা অনেকটাই কমেছে। তবে মানিকগঞ্জ, ধামরাই ও সাভারের কয়েকটি এলাকায় আগে থেকেই গ্যাস সরবরাহের সমস্যা ছিল। এসব এলাকায় পরিস্থিতি উন্নয়নে সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ বেড়েছে। কোথাও কোথাও ১২ থেকে ১৫ পিএসআই পর্যন্ত চাপ পাওয়া যাচ্ছে। তবে আশুলিয়া, কাসিমপুর, কালিয়াকৈর ও ধামরাইয়ের কয়েকটি এলাকায় এখনও চাপ তুলনামূলক কম।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজও শিল্পকারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছেন। তিনি বলেন, কোথাও কোথাও টানা দুই ঘণ্টা স্বাভাবিক চাপ থাকার পর আবার কিছুটা কমে যাচ্ছে। ফলে সার্বিক পরিস্থিতির উন্নতি হলেও সরবরাহে এখনও ওঠানামা রয়েছে।
শিল্প উদ্যোক্তারা বলছেন, উৎপাদন কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রাখতে নিয়মিত ও পর্যাপ্ত গ্যাসের চাপ নিশ্চিত করা জরুরি। সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল হলে সাম্প্রতিক সংকটে ব্যাহত হওয়া উৎপাদন কার্যক্রমও স্বাভাবিক গতিতে ফিরবে বলে আশা করছেন তারা।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় গ্যাস সঞ্চালন পাইপলাইনে ২৬১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ ছিল। এরপর জাতীয় সঞ্চালন ব্যবস্থায় গ্যাসের সরবরাহ আরও বাড়ানোর চেষ্টা চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সংকটের পর দেশের অধিকাংশ শিল্পাঞ্চলে গ্যাসের চাপ ও সরবরাহ বাড়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। তবে কয়েকটি এলাকায় এখনও চাপের ওঠানামা থাকায় সরবরাহ পুরোপুরি স্থিতিশীল করতে নিয়মিত নজরদারি প্রয়োজন।






