রাজশাহীর মোহনপুরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক

বাড়িতে একা পেয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, পুলিশ বলছে মামলা প্রক্রিয়াধীন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসিম উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাইকপাড়া গ্রামের এক ব্যক্তি তার ১২ বছরের মেয়েকে বাড়িতে একা রেখে চায়ের দোকানে যান। এ সময় একই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে ওসিম উদ্দিন কৌশলে ওই বাড়িতে প্রবেশ করে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

একপর্যায়ে কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ওসিম উদ্দিনকে আটক করে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের ভিত্তিতে ওসিম উদ্দিনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।