শহীদ দুই সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

হাটহাজারীতে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহতদের স্বজনদের পাশে থাকার আশ্বাস

টুইট ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তার চেক তুলে দেন।

মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করেন, কঠিন এ সময়ে সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে দুই সেনাসদস্য প্রাণ দিয়েছেন। দেশের জন্য তাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শোকাহত পরিবারের উদ্দেশে তিনি বলেন, দুঃসময়ে সরকার তাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। শহীদ সেনাসদস্যদের পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতের পাশাপাশি তাদের দেখভালের দায়িত্বও সরকার পালন করবে।

পরে নিহত দুই সেনাসদস্যের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকেও নিহতদের পরিবারের জন্য বিভিন্ন সহায়তার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। পরিবারের স্থায়ী ঠিকানায় একটি করে বাড়ি নির্মাণ, শহীদ সেনাসদস্যদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের মাসিক ভাতা দেওয়ার উদ্যোগের কথা জানানো হয়।

গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিং চলাকালে গোলা বিস্ফোরণের ঘটনায় সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক ও সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত শহীদ হন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার উপস্থিত ছিলেন। অন্যদিকে মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা ও বাবা মো. আসাদুল হক।