ইউপি ভোটের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: মীর শাহে আলম

ইসি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে দাবি প্রতিমন্ত্রীর; সরকারের সঙ্গে কোনো আলোচনা বা পত্র যোগাযোগ হয়নি
টুইট ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয়েক ধাপের তারিখ ঘোষণা করেছে—এ বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জেনেছে। নির্বাচনের তারিখ ঘোষণার আগে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ বা আলোচনা হয়নি।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান এবং তাদের সাংবিধানিক ক্ষমতা রয়েছে নির্বাচন আয়োজনের। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সরকারের সঙ্গে আলোচনা করে প্রস্তুতি সভা, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভাসহ বিভিন্ন বিষয়ে সমন্বয়ের পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এ ক্ষেত্রে বাজেটসহ আরও কিছু বিষয়ও বিবেচনায় থাকে।
মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তারিখগুলোর বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিংবা সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। এ কারণে সরকার এ বিষয়ে কিছু জানে না।
এদিকে নির্বাচন কমিশনের প্রস্তাবিত সূচি অনুযায়ী, সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে সাত ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপের ভোট হবে আগামী ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






