তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

মহাসড়কে পড়ে থাকা মরদেহ প্রযুক্তির সহায়তায় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় কুলছুম নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের বৈরাতী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা মহাসড়কের ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারাগঞ্জ হাইওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে রংপুর সিআইডির ক্রাইম সিন ইনভেস্টিগেশন টিম তারাগঞ্জ হাইওয়ে থানায় গিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিহত নারীর পরিচয় শনাক্ত করে।

নিহত কুলছুম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা এলাকার মোগর আলীর মেয়ে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, নিহত নারীর মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা এলে পরিচয় যাচাই শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

তবে কীভাবে ওই দুর্ঘটনা ঘটেছে এবং কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষে নারীটি নিহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।