মানবিক আচরণে পুলিশিংয়ের নির্দেশ রংপুর রেঞ্জ ডিআইজির

বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান।
নিজস্ব প্রতিবেদক: নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন এবং থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে মানবিক আচরণের নির্দেশ দিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।
রোববার (১৩ সেপ্টেম্বর) লালমনিরহাট পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, লালমনিরহাটের কমান্ড্যান্ট মোঃ আকবর আলী মুন্সী।
সভায় ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, কল্যাণসংক্রান্ত বিষয় ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ডিআইজি বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যপূর্ণ ও মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি মানুষের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সব সময় সতর্ক, দায়িত্বশীল ও আন্তরিক থাকতে হবে।
সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশ উন্নয়ন, ছুটিসংক্রান্ত বিষয় এবং মেসে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার এ-সার্কেল জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ ওয়ারুখ ইয়াজদানীসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।








