রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

তিন মাসব্যাপী কর্মসূচিতে নগরবাসীর অংশগ্রহণের আহ্বান, নগর ভবনের গ্রিন প্লাজায় উদ্বোধনী আয়োজন

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহীতে তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ সদস্য তারেক রহমান। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে তিন মাসব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নগরীতে ডেঙ্গুর বিস্তার রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা করা হচ্ছে।