চোর-লুটেরা পালায়, সৎ মানুষ পালায় না: জামায়াত আমির

সংসদে দুর্নীতি, জ্বালানি সংকট ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সরকারের প্রতি একাধিক আহ্বান
টুইট ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অপরাধী, দুর্নীতিবাজ, চোর ও লুটেরারাই দেশ ছেড়ে পালায়; কোনো সৎ মানুষ পালায় না। দেশের স্বার্থে সৎ ও দায়িত্বশীলদের দেশেই থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান অভিযোগ করেন, দেশে দুর্নীতির মাত্রা আগের তুলনায় বেড়েছে। মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দুর্নীতিতে লাগাম টানা না গেলে সরকারের নেওয়া কোনো পরিকল্পনাই সফল হবে না। জনগণের কাছ থেকেও দুর্নীতি বেড়ে যাওয়ার অভিযোগ আসছে বলে দাবি করেন তিনি।
জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তার দাবি, সংকটের কারণে কোনো কোনো শিল্পকারখানার উৎপাদন ৫০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এ অবস্থা চলতে থাকলে শিল্পমালিকদের পক্ষে ব্যাংকঋণ পরিশোধ, কারখানা সচল রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়বে। প্রয়োজনে অন্য খাতে ব্যয় কমিয়ে শিল্প খাতে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বাড়ানোর পরামর্শ দেন তিনি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক চাইলে ভারতকেও সদিচ্ছার প্রমাণ দিতে হবে। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের ভারতে অবস্থান এবং সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ তুলে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আগামীতে পানি চুক্তি নবায়নের প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, এখন থেকেই শক্ত অবস্থান নিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতির ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনা করতে হবে। বাংলাদেশের সঙ্গে আলোচনায় সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তিনি যদি সত্যিই দেশের জনগণকে ভালোবাসতেন, তাহলে দেশ ছেড়ে যেতেন না। অপরাধ করলে শাস্তি গ্রহণ এবং অপরাধ না করলে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন জামায়াত আমির।






