ভবানীগঞ্জের জলাবদ্ধতাকে ঢাকার পরিকল্পনায় অন্তর্ভুক্তির প্রস্তাব এমপি বারীর

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতায় দুর্ভোগ—সংসদে দ্রুত ও কার্যকর পদক্ষেপ চাইলেন রাজশাহী-৪ আসনের এমপি।

বাগমারা প্রতিনিধি: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার ভবানীগঞ্জ পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনে প্রস্তাবিত পরিকল্পনার আওতায় রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি ও প্রস্তাব উত্থাপন করেন।

সংসদে বক্তব্যে ডাঃ আব্দুল বারী সরদার বলেন, জলাবদ্ধতা শুধু রাজধানী ঢাকার সমস্যা নয়; দেশের বিভিন্ন শহর, সিটি করপোরেশন ও পৌরসভায় এটি দীর্ঘদিনের একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় পানি জমে থাকার কারণে রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে মানুষের স্বাভাবিক চলাচল ও সার্বিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

নিজের নির্বাচনী এলাকার পরিস্থিতি তুলে ধরে সংসদ সদস্য বলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভাতেও দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা চরম দুর্ভোগ সৃষ্টি করছে। বর্ষাকালে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পৌর এলাকার বিভিন্ন স্থানে পানি জমে জনসাধারণের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে তিনি সংসদ অধিবেশনে প্রস্তাবিত বিষয়াবলির আলোকে রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসন পরিকল্পনায় ভবানীগঞ্জ পৌরসভাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।

এ সময় তিনি ভবানীগঞ্জ পৌরসভার জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এবং কার্যকর পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, সংসদে উত্থাপিত এ প্রস্তাবের পর ভবানীগঞ্জ পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।