প্রতারণার অভিযোগে ডব্লিউএইচও থেকে সাইমা ওয়াজেদের পদত্যাগ: রয়টার্স

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান পদ থেকে তাৎক্ষণিক পদত্যাগ; অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনার মেয়ে

টুইট প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচও এবং বাংলাদেশের কর্তৃপক্ষের তদন্তের মধ্যে বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি পদত্যাগ করেন। বার্তা সংস্থা রয়টার্স তাঁর পদত্যাগপত্র দেখেছে।

২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সাইমা ওয়াজেদ। তবে ২০২৫ সালের জুলাইয়ে তাঁকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয় এবং পরবর্তী সময়ে বিনা বেতনে ছুটিতে রাখা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন সাইমা ওয়াজেদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করার পর তাঁকে ছুটিতে পাঠানো হয়। ডব্লিউএইচও তাঁর বিরুদ্ধে চীন সফরের ব্যয়ের ক্ষেত্রে আর্থিক প্রতারণা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তোলে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইমা।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসকে দেওয়া পদত্যাগপত্রে সাইমা ওয়াজেদ আরও দাবি করেন, বাংলাদেশে তিনি একটি জমি অবৈধভাবে অর্জন করেছেন—এমন অভিযোগও করেছে ডব্লিউএইচও। তাঁর দাবি, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি জমিটি অর্জন করেন এবং বাংলাদেশের একটি আইনের আওতায় ওই সম্পত্তির অধিকার তাঁর ছিল।

পদত্যাগপত্রে সাইমা ওয়াজেদ বলেন, আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনের জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছিল এবং তিনি আন্তরিকভাবে সেই দায়িত্ব পালন করেছেন। তবে ডব্লিউএইচও নেতৃত্বের প্রতি তাঁর আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রায় এক বছর ধরে কোনো পারিশ্রমিক না পাওয়ায় তাঁর আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলে জানান।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, ডব্লিউএইচও আগামী অক্টোবর থেকে নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারে। একটি সূত্রের দাবি, ১২ অক্টোবর মনোনয়ন ঘোষণা, ডিসেম্বরে আবেদন যাচাই এবং ২৪ জানুয়ারি নির্বাচন হতে পারে।

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদটি ডব্লিউএইচওর গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদগুলোর একটি। আঞ্চলিক পরিচালকরা রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে ডব্লিউএইচওর নীতি সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সূত্র: রয়টার্স