রাজশাহী প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রাজশাহী প্রেসক্লাবে দোয়া ও মোনাজাত, দ্রুত সুস্থতা কামনা সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ এশা রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী প্রেসক্লাবের সহসভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ‘সাইদুর রহমান আমাদের কাছে শুধু একজন সভাপতি নন, তিনি একজন অভিভাবক ও দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর অসুস্থতার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করছি। মহান আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন—এটাই আমাদের প্রত্যাশা।’

তিনি জানান, দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত জটিলতায় ভুগছেন সাইদুর রহমান। বর্তমানে তিনি রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় অবস্থান করছেন। তাঁর অসুস্থতার খবরে রাজশাহীর সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি সরকার শরিফুল ইসলাম, শাহারিয়ার অন্তু, যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন, কোষাধ্যক্ষ আল-আমিন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগারবিষয়ক সম্পাদক সুরুজ আলী, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার রাতুল, রাউফ উদ্দিন রাফি, রুবেল সরকার, সাংবাদিক শাহিনুর রহমান সোনা, মাজারুল ইসলাম চপল, রাজিব খান, ফায়সাল হোসেন, লিয়াকত হোসেন, সাগর নোমানী ও শাহিন সাগরসহ প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

দোয়া মাহফিল শেষে সাইদুর রহমানের দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় সাংবাদিকরা আশা প্রকাশ করেন, দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও সাংবাদিকদের মাঝে ফিরে এসে পেশাগত কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবেন।