সিরাজগঞ্জে বজ্রপাতে মন্ত্রীর বাড়িতে আগুন

গ্যাসের রাইজারে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুততায় নিয়ন্ত্রণে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে আকস্মিক বজ্রপাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর বাড়ির প্রধান ফটকের পাশে থাকা গ্যাসের রাইজারে বজ্রপাতের পর আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান।

প্রচণ্ড বৃষ্টির মধ্যে বজ্রপাতের পর গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। একপর্যায়ে আগুন কিছুটা ছড়িয়ে পড়লে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি জানান, বাড়ির নিরাপত্তাকর্মীর কাছ থেকে জানা গেছে, গ্যাসের রাইজারে বজ্রপাতের পর আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।