সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

দেশে ফেরার টিকিট ছিল, বিমানবন্দরে যাওয়ার পথেই প্রাণ গেল চার প্রবাসীর

টুইট ডেস্ক: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। দেশে ফেরার টিকিট হাতে থাকলেও শেষ পর্যন্ত বিমানে ওঠা হয়নি তাদের। নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায় বলে জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দাগামী পথে আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্র ও প্রবাসী বাংলাদেশিদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহত চারজনের সবাই কানাইঘাট উপজেলার বাসিন্দা। প্রাথমিকভাবে নিহতদের মধ্যে করিম উদ্দিন ও খালিদ মিয়ার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

নিহত অপর দুই প্রবাসীর পরিচয় শনাক্ত করতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি ও সংশ্লিষ্ট প্রশাসন কাজ করছে। একই সঙ্গে মরদেহ দেশে ফেরত পাঠানো এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিমানবন্দরে যাওয়ার পথে আকস্মিক এ দুর্ঘটনায় চার বাংলাদেশির প্রাণহানির ঘটনায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের নিজ এলাকাতেও নেমে এসেছে শোকের আবহ।

দুর্ঘটনার বিস্তারিত কারণ এবং নিহত অপর দুই বাংলাদেশির পরিচয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।