এসি-ফ্রিজ সার্ভিসিং শিখে স্বাবলম্বী হবে বান্দরবানের যুবকরা

৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী প্রশিক্ষণে এসি-ফ্রিজ মেরামত ও সার্ভিসিংয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা অর্জন করবেন যুবক-যুবতীরা।
অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে বান্দরবানের যুবসমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে যুব উন্নয়ন ক্যাম্পেইন–২০২৬-এর আওতায় এসি ও ফ্রিজ মেরামত ও সার্ভিসিং প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মেঘলা ক্যাম্পাসে মাসব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলবে ০৭ সেপ্টেম্বর থেকে ০১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এবং বান্দরবান সেনাজোনের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন রোয়াংছড়ি সাবজোন কমান্ডার মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহাতাব উদ্দিন পাটোয়ারী।
প্রশিক্ষণে এসি ও ফ্রিজের মেরামত, রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিংয়ের পাশাপাশি সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, “স্বনির্ভর ও স্বাবলম্বী হওয়ার জন্য কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। যুবসমাজকে দক্ষ হয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে হবে।”
সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বান্দরবানের যুবকদের কারিগরি দক্ষতা বাড়বে এবং আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে এসি ও ফ্রিজ মেরামত ও রক্ষণাবেক্ষণসেবায় দক্ষ জনবলের চাহিদাও পূরণ হবে।






