তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: ‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরের তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, তারাগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্ববর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীনুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে। একই সঙ্গে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে রাখতেও ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারা আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে বিদ্যালয় পর্যায় থেকেই নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন। এর মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া শিক্ষক, আয়োজক কমিটির সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






