ডেঙ্গু ঠেকাতে রাজশাহী নগরীতে পরিচ্ছন্নতা অভিযান জোরদার

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রতিটি ওয়ার্ডে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতামূলক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুর বিস্তার রোধে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নির্দেশনা বাস্তবায়নে রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করেছে রাজশাহী সিটি করপোরেশন।

সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নগরীর প্রতিটি ওয়ার্ডে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেওয়া হচ্ছে বিশেষ কার্যক্রম।

এর অংশ হিসেবে ড্রেনে মশার লার্ভা ধ্বংসকারী ওষুধ ছিটানো, সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার, ড্রেনের কাদামাটি ও জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণসহ নানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নগরীর ড্রেন, সড়কের পাশ, ঝোপঝাড়সহ মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নিয়মিত পরিচ্ছন্নতার পাশাপাশি নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, কোনো স্থানে পানি জমতে না দেওয়া এবং সম্ভাব্য মশার প্রজননস্থল দ্রুত ধ্বংস করার আহ্বান জানানো হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়; নগরবাসীর সচেতন অংশগ্রহণও জরুরি। বাড়ি ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।