আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশ উন্নয়নে আরএমপি কমিশনারের নির্দেশনা।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং জনসেবার মান বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন, ব্যক্তিগত ও পেশাগত সমস্যা এবং কল্যাণ-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সদস্যদের বক্তব্য ও সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেন। এ সময় তিনি যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সভায় পুলিশ কমিশনার মহোদয় বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণ ও সুস্থতা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পুলিশ সদস্যদের সুস্থতা, কর্মদক্ষতা ও মনোবল বজায় রাখতে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এছাড়া, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিটি থানা ও ইউনিটে প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী সরবরাহের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ, মনোবল বৃদ্ধি এবং কর্মপরিবেশের উন্নয়নের মাধ্যমে একটি দক্ষ, মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য বাস্তবায়নে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ তার সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সর্বদা আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।
সভা শেষে অবসরজনিত সংবর্ধনার অংশ হিসেবে ১ জন পুলিশ পরিদর্শক, ৩ জন কনস্টেবল ও ১ জন এমএলএসএসকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন পুলিশ কমিশনার মহোদয়।
এ সময় অবসরপ্রাপ্ত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের দীর্ঘদিনের দায়িত্বশীল ও নিষ্ঠাপূর্ণ সেবার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানান পুলিশ কমিশনার মহোদয়।







