তারাগঞ্জে এসএসসি কৃতী সংবর্ধনা, জন্মাষ্টমী ও ফুটবল টুর্নামেন্টে এমপি সাকিলা

তারাগঞ্জে স্টেডিয়াম নির্মাণের আশ্বাস, ক্রীড়াঙ্গনে ২ লাখ টাকা অনুদান

টুইট ডেস্ক: রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য এবং রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি ব্যারিস্টার সাকিলা ফারজানা।

শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, জন্মাষ্টমী উদযাপন এবং ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এমপি সাকিলা ফারজানা। এ সময় তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুর সাড়ে ২টায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এমপি সাকিলা। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। তিনি জেলা পরিষদ তহবিল থেকে তারাগঞ্জ ক্রীড়াঙ্গনের জন্য ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তারাগঞ্জে আধুনিক মানের একটি স্টেডিয়াম নির্মাণের আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।