আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ মরদেহ উদ্ধার

পুরুষের গলায় গামছা, হত্যাকাণ্ডের আশঙ্কা; ঘটনাস্থলে ফরেনসিক দল
টুইট ডেস্ক: ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর চারতলা ভাড়া বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই কক্ষে এক দম্পতি নতুন করে ভাড়া নিয়ে বসবাস করছিলেন। তবে কয়েকদিন ধরে কক্ষটির দরজা-জানালা সবসময় বন্ধ থাকতে দেখা যায়। শুক্রবার রাতে কক্ষ থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
পুলিশের ধারণা, নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় এটি হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে কীভাবে ও কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে কাজ করেছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিহতদের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।






