পুলিশের সমস্যা শুনলেন ডিআইজি, অপরাধ নিয়ন্ত্রণে দিলেন কঠোর নির্দেশনা

সদস্যদের সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস, মাদক-অস্ত্র উদ্ধার ও ক্লুলেস মামলার সাফল্যে পুরস্কার

টুইট ডেস্ক: পাবনা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, কল্যাণ ও সুযোগ-সুবিধা নিয়ে বিশেষ কল্যাণ সভা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি নিয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। সভাপতিত্ব করেন পাবনা জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ।

বিশেষ কল্যাণ সভায় ডিআইজি পুলিশ সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় দায়িত্ব পালনকালে তাদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় সম্পর্কে অবহিত হন তিনি। পুলিশ সদস্যদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন ডিআইজি।

দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার পাশাপাশি জনগণের সঙ্গে মানবিক ও আন্তরিক আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় চাকরিজীবন শেষে অবসরগ্রহণকারী পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাদের দীর্ঘদিনের সেবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিআইজি আশিক সাঈদ।

পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলার মাসিক অপরাধ পর্যালোচনা সভা। এতে পাবনার সার্বিক অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ, বিভিন্ন সাফল্য ও অর্জন নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

সভায় মাদক ও অস্ত্র উদ্ধার, ক্লুলেস ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন ডিআইজি।

এ সময় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশি সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় পাবনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।